সোনামসজিদ বন্দরে ধর্মঘট চলছেই
লাগাতার ২০ দিন ধরে চলা ধর্মঘটে স্থবির হয়ে আছে সোনামসজিদ স্থলবন্দর। আমদানি-রপ্তানিকারকদের ডাকা এ ধর্মঘট অবসানে স্থানীয় প্রশাসন, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও লীজ গ্রহীতা প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের সমঝোতা উদ্যোগ এখন পর্যন্ত সফল হয়নি।
অচলাবস্থা নিরসনের লক্ষে মঙ্গলবার ঢাকায় বন্দরের সুবিধাভোগী সংগঠনগুলোর সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড ও স্থলবন্দর কর্তৃপক্ষের পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হবে।
বন্দর সূত্রে জানা গেছে, এ দুটি বৈঠকে স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য, কমিশনার শুল্ক, আবগারী ও ভ্যাট কমিশনারেট রাজশাহী, বিডিআরের রাজশাহী সেক্টর কমান্ডার ও চাঁপাইনবাবগঞ্জের অধিনায়ক, পুলিশ সুপার, চেম্বারের সভাপতি, পানামার ব্যবস্থাপনা পরিচালক, আমদনি-রপ্তানিকারক গ্র“প এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
সূত্র আরও জানায়, বন্দরের মাসুল হার পুনর্নির্ধারণ, ভারত থেকে আমদানি করা পাথর ও ফ্লাই অ্যাশ ভারতীয় ট্রাক থেকে বন্দরের বাইরে আমদানিকারকের গুদামে সরাসরি আনলোডিং, কয়েকটি পণ্যের আমদানি নিষিদ্ধাদেশ প্রত্যাহার এবং বন্দর বর্ধিতকরণ বিষয়ে সভায় আলোচনা হবে।
পানামার পরিচালক আশরাফুল আলম রশিদ ও আমদানিকারক গ্র“পের সাধারণ সম্পাদক আবু তালেব বৈঠক সফল হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, পানামার বিরুদ্ধে অতিরিক্ত মাসুল আদায়ের অভিযোগসহ পণ্যাগারের স্থান বাড়ানো, বন্দরে ট্রাক থেকে চাঁদা আদায় বন্ধ, ফ্লাই অ্যাশ ও পাথর আমদানিকারকদের পণ্যাগারে খালাস করার সুযোগ দেওয়ার দাবিতে ২৭ ডিসেম্বর থেকে আমদানি-রপ্তানিকারক গ্র“প ধর্মঘট পালন করে আসছে।
