জরুরি অবস্থা জারির আহ্বানের নিন্দা করেছে ছাত্র ইউনিয়ন
রাষ্ট্রপতির উদ্দেশে এফবিসিসিআই-এর জরুরি অবস্থা জারির আহ্বান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেনা টহলের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার বলা হয়, এ দিন দুপুরে ছাত্র ইউনিয়নের সম্পাদকমণ্ডলীর জরুরি সভায় নেতারা বলেন, রাজনৈতিক সংকট থেকে উত্তরণের কথা বলে জরুরি অবস্থা ঘোষণার আহবান জানানো অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে সংকট সমাধানের দাবি জানিয়ে তারা বলেন, সেনাবাহিনীর ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামকে দমানোর চেষ্টা করা হলে পরিণতি হবে ভয়াবহ।
তারা ঢাবি ক্যাম্পাসে সশস্ত্র সেনা টহলের নিন্দা জানিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের টহল নেমে নেবে না ছাত্র সমাজ।
সংগঠনের সভাপতি সামসুল আলম সজ্জনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সাংগঠনিক সম্পাদক জাহিদ মামুন, সহ-সভাপতি মানবেন্দ্র দেব, ত্রিদিব সাহা প্রমুখ।
