২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ জানুয়ারির পরে নির্বাচন পেছানো অসম্ভব: মান্নান ভূঁইয়া

২২ জানুয়ারির পর নির্বাচন পেছানো সম্ভব নয় বলে সাংবাদিকদের সাফ জানিয়ে দিলেন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 07:30 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

গুলশানে নিজ বাসায় রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংবিধান মানলে সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। তা না হলে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। যা কোনো দলের জন্যই কাম্য নয়।

মান্নান ভূইয়া জোর দিয়ে বলেন, জনগণ নির্বাচন চায়। এ নির্বাচনে অনেক দলই অংশ নেবে।

তিনি বলেন,“আমরা চেয়েছিলাম সব  দলের অংশ গ্রহনের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হোক। কিন্তু ১৪ দল নির্বাচন বর্জন করেছে।”

তিন মাসের মধ্যে নির্বাচনের বাধ্যধকতা নেই-শেখ হাসিনার এই মন্তব্যের সমালোচনা করে মান্নান ভূঁইয়া বলেন, “২০০১ সালের ১২ এপ্রিল ১টা ২০ মিনিটে সংসদের সমাপনী অধিবেশনে তৎকালিন প্রধানমন্ত্রী হিসেবে হাসিনা বলেছিলেন,‘তিন মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। আমাদের পবিত্র সংবিধানে এটা স্পষ্টভাবে বলা আছে। কেবল উপ-নির্বাচনের ক্ষেত্রে দৈব-দুর্বিপাকের কারণে নির্বাচন ৯০ দিনের বাইরে করা যেতে পারে।’”

তিনি এ সংক্রান্ত তথ্য জাতীয় সংসদের মুদ্রিত কার্যবিবরনী থেকে পড়ে শোনান।

২২ জানুয়ারি নির্বাচনের পরে দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ আছে কি না ? এই প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া বলেন,“এই মুহূর্তে ১৪ দলের দাবি মানা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সম্ভব নয়। তবে পরে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে এসব বিষয় বিবেচনা করে দেখতে পারে।”

তিনি বলেন,“আমাদের জোট ক্ষমতায় গেলে ভোটার তালিকা সংশোধন করে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করার ব্যবস্থা নেবে।”

তত্ত্বাবধায়ক সরকারের তিন উপদেষ্টার সঙ্গে আলোচনা প্রসঙ্গে মান্নান বলেন,“এটা ছিলো সৌজন্য সাক্ষাত। অন্য কিছু নিয়ে আলোচনা হয়নি।”

এ বিষয়ে সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলেও তিনি স্পষ্ট করে কিছু বলতে অপরাগতা প্রকাশ করেন।

নির্বাচন পেছানোর বিষয়ে রাষ্ট্রপতির সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠানো প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন,“আমরা মনে করি এর কোনো সুযোগ নেই। কারণ সংবিধানে অস্পষ্ট, অস্বচ্ছ ও দ্বিমত থাকার মতো বিষয় থাকলেই কেবল সে ক্ষেত্রে রাষ্ট্রপতি ব্যাখ্যার জন্য সুপ্রিম কোর্টের রেফারেন্স চাইতে পারেন। এই বিষয়ে রাষ্ট্রপতি বিবৃতি দিয়ে ইতিমধ্যেই তার অবস্থান ব্যাখ্যা করেছেন।”

তিনি ১৪ দলের কর্মসূচির সমালোচনা করে বলেন,“এই ধরনের কর্মসূচি জনগণের স্বভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়।”

মান্নান ভূঁইয়া ১৪ দলকে এসব কর্মসূচি প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে বলেন,“এ ধরনের কর্মসূচি এখন অচল। তারা যখন বুঝতে পেরেছে নির্বাচনে জিততে পারবে না, তখনই নির্বাচন বর্জন করেছে।”

তিনি জনগণের স্বাভাবিক জীবন এবং ভোটের অধিকার নিশ্চিত করা জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান।