৯০ দিনের পর নির্বাচন পেছানোর সুযোগ নেই:ফজলুল হক
তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা বিচারপতি ফজলুল হক বলেছেন, “সংবিধান অনুযায়ী ৯০ দিনের পর নির্বাচন পেছানোর উপায় নেই।”
তিনি বলেন, “৯০ দিনের বাইরে নির্বাচন করার বিধান শুধু উপ নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য।”
রোববার বিকেলে আইন উপদেষ্টা তার নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন।
তবে তিনি বলেছেন, “দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে এবং দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে কিছু করার সিদ্ধান্তে সব দল একমত হলেই নির্বাচন পেছানো সম্ভব।”
উপদেষ্টাদের পক্ষ থেকে দুই জোটের সঙ্গে কথা বলে একটা সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এতে রাষ্ট্রপতির মৌন সম্মতি রয়েছে বলে জানান ফজলুল হক।
তিনি বলেন, “নির্বাচন পেছানোর ব্যাপারে আইনের যে প্রক্রিয়া তা খুবই কঠোর। সব দলের সমঝোতা ছাড়া এখানে কিছু করা সম্ভব নয়।”
রাজনৈতিক সংকট নিরসনে পথ খোঁজার উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, “আমরা দুই মাস সব দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করেছি এবং আমাদের সেই চেষ্টা এখনও অব্যাহত রয়েছে।”
রোববার উপদেষ্টা পরিষদের তিন সদস্যের একটি দল চার দলীয় জোটের নেতাদের সাথে সাক্ষাৎ করতে গেছেন এবং এরপর মহাজোটের নেতাদের সঙ্গে তারা বৈঠক করবেন বলে জানান আইন উপদেষ্টা।
আইন উপদেষ্টা মনে করেন, রাজনীতিবিদরাই দেশের প্রকৃত কর্ণধার। তারাই দেশ চালায় এবং আগামীতেও চালাবে।
শনিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পক্ষ থেকে প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণার দাবীর বিষয়ে আইন উপদেষ্টা বলেন, “ যারা এই ধরনের জরুরি অবস্থা জারি করার দাবি জানিয়েছে তারা জরুরি অবস্থার প্রকৃত অর্থ বোঝেন বলে মনে হয় না।”
বিচারপতি ফজলুল হক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রসঙ্গে বলেন, “দেশে জরুরি অবস্থা জারি হলে এবং সেনাবাহিনী হস্তক্ষেপ করলে শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশী সেনা সদস্যদের দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং আগামীতে বাংলাদেশ থেকে আর কোন সেনা সদস্যকে শান্তিরক্ষার দায়িত্বও দেওয়া হবে না।”
