প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবিতে জাকের পার্টির বিক্ষোভ
প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহম্মেদের পদত্যাগ এবং সঠিক ভোটার তালিকা তৈরির দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাকের পার্টি শুক্রবার।
গোলাপ শাহ মাজারের সামনে বিকেলে অনুষ্ঠিত সমাবেশে পার্টির নেতৃবৃন্দ বলেন, ইয়াজউদ্দীন আহম্মেদের অধীনে কোনভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তারা নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণারও দাবি জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
নেতৃবৃন্দ আগামী ৭ ও ৮ জানুয়ারির অবরোধ কর্মসূচি সফল করারও আহ্বান জানান।
এর আগে গোলাপ শাহ মাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। গুলিস্তান, বঙ্গবন্ধু এভিনিউ ও জিরো পয়েন্ট হয়ে মিছিলটি আবার গোলাপ শাহ মাজারে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জাকের পার্টির ভাইস চেয়ারম্যান এ কে এম ফরহাদ হোসেন, খাজা মহিউদ্দিন আহমেদ ও নূর হোসেন, মহাসচিব মুন্সি আব্দুল লতিফ, যুক্তফ্রন্ট সাধারণ সম্পাদক বদিউজ্জামান টিপু, ছাত্রফ্রন্ট সাধারণ সম্পাদক লিয়াকত আলী নাহিদ প্রমুখ।
