সেনা মোতায়েন বিষয়ে নির্বাচন কমিশনে বৈঠক অনুষ্ঠিত
আসন্ন নির্বাচন উপলক্ষে নির্বাচনী আইন - শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে শিগগিরই সেনা মোতায়েনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
তবে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কোন কথা বলতে রাজী হননি।
নির্বাচন কমিশন সচিবালয়ে সকালে অনুষ্ঠিত দুই ঘন্টার এই অনির্ধারিত বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব আবদুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের জানান, আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ১০ থেকে ২৯ জানুয়ারি সারা দেশে সেনা মোতায়েন করা হবে। এ সময় সেনা বাহিনী সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইন -- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।
