এরশাদ ছাড়া নির্বাচনে যাবে না জাপা
এইচ এম এরশাদকে ছাড়া জাতীয় পার্টি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মহাজোটই নেবে বলেও তিনি উল্লেখ করেন। মহাজোট নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন জোট নেত্রী শেখ হাসিনা। এরশাদের প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে মঙ্গলবার বনানী কার্যালয়ে সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে তিনি একথা বলেন। (আরও তথ্যসহ)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র প্রতিবেদক এনাম আহমেদ জানান, সকাল সাড়ে ১১টার দিকে এইচ এম এরশাদের সভাপতিত্বে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর বৈঠক শুরু হয়। বেলা ২টা পর্যন্ত চলা এ বৈঠকে এরশাদকে বাদ দিয়ে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা সে বিষয়েই আলোচনা হয়েছে। এর আগে ঈদের দিন রাত ১০টায় বৈঠকটি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পরিবর্তন করা হয়।
বৈঠক শেষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ সাংবাদিকদের বলেন, এরশাদ যদি নির্বাচনে অংশ না নিতে পারেন তবে জাতীয় পার্টির নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। তারপরও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মহাজোটই।
জাপা চার দলে যাবে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, “প্রশ্নই আসে না। এর কোনো সম্ভাবনা নেই।”
জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার ও সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদও এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে রওশন এরশাদও উপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে দলের ভাঙন সৃষ্টির অভিযোগ সম্পর্কে কাজী জাফর ও রুহুল আমীন দুজনই বলেন, “রওশন এরশাদ বলেছেন, সভাপতিমণ্ডলীর বৈঠকে তাঁর যোগ দেওয়ায় এটাই প্রমাণ হয়েছে যে, দলে ভাঙন সৃষ্টি এবং চার দলে যোগদানের বিষয়ে তিনি তৎপর বলে যেসব অভিযোগ করা হয়েছিল তার পুরোটাই ছিল অপপ্রচার।”
তারা রওশন এরশাদের বরাত দিয়ে আরও বলেন, “তিনি সবসময়ই জাতীয় পার্টিতে ছিলেন। এখনও আছেন।”
কাজী জাফর আহমেদ বলেন, বৈঠকে জাপা সভাপতিমণ্ডলীর সব সদস্য দলীয় চেয়ারম্যানের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তাদের সবাই এরশাদকে ছাড়া নির্বাচনে না যাওয়ার পক্ষে মত দেন।
তিনি বলেন, “আমাদের অনুভূতি আমরা মহাজোটকে জানাবো। আমরা মনে করি মহাজোট তা বিবেচনা করে সেই অনুসারে কর্মসূচি দেবে।”
সোমবার রাতে মহাজোট নেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের উল্লেখ করে কাজী জাফর বলেন, “হাসিনা যা বলেছেন তাতে আমরা সন্তুষ্ট।” বৈঠকে শেখ হাসিনা বলেন, ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান উপদেষ্টা পদে বহাল থাকা অবস্থায় আবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।
উল্লেখ্য সোমবার রাতে ধানমণ্ডির সুধাসদনে শেখ হাসিনার সঙ্গে এরশাদের ৪০ মিনিটের বৈঠক হয়। এরপর জাপার সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের বলেন, মহাজোট নির্বাচনে যাবে কিনা সেই সিদ্ধান্ত বুধবার সংবাদ সম্মেলন করে জানাবেন হাসিনা।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় প্রথমে দলের সভাপতিমণ্ডলীর বৈঠক এবং পরে সন্ধ্যা ৬টার দিকে ১৪ দল এবং সবশেষে জোটের অন্যান্য শরিকদলের সঙ্গে আলোচনার পর বুধবার শেখ হাসিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
জাতীয় পার্টি প্রধানের প্রার্থিতা বাতিল হওয়ার প্রেক্ষাপটে তারা এই আলোচনায় বসেন। সাবেক রাষ্ট্রপতির প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে দায়ের করা পাঁচটি আপিলই রোববার নাকচ করে দেয় নির্বাচন কমিশন। বৈঠকে কাজী জাফর আহমেদ ও জিয়াউদ্দিন বাবলু উপস্থিত ছিলেন।
