গোদাগাড়ীতে অস্ত্র ও হেরোইন উদ্ধার, পরিত্যাক্ত দেখিয়ে মামলা
জেলার গোদাগাড়ী উপজেলায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে বিডিআর তিনটি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুই প্যাকেট হেরোইন উদ্ধার করেছে। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ বিডিআরের একটি দল গোদাগাড়ীর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদকে আটক করে। বিডিআরের জিজ্ঞাসাবাদে রশিদ জানায়, হেরোইন ব্যবসায়ী খোয়াজ মেম্বরের ভাতিজা সামায়নের বাড়িতে অস্ত্র ও হেরোইন আছে।
তার স্বীকারোক্তির ওপর ভিত্তি করে বিডিআর আচুয়া গ্রামে সামায়নের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তারা তিনটি দেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুই প্যাকেট হেরোইন উদ্ধার করে।
ঘটনার সাথে সংশি¬ষ্টতার অভিযোগে আটক বিএনপি নেতা রশিদকে শুক্রবার রাতেই স্থানীয় পৌরসভার চেয়ারম্যান ছাড়িয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে শনিবার সকালে বিডিআর আটক অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখিয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা করে। মামলায় কাউকে আসামী করা হয়নি। উদ্ধার করা দুই প্যাকেট হেরোইনও থানায় জমা দেয়নি বিডিআর।
গোদাগাড়ী থানার ওসি নুরুল আমিন জানান, বিডিআর কোথা থেকে কিভাবে অস্ত্রগুলো আটক করেছে তা তিনি জানেন না। ডিউটি অফিসারের কাছ থেকে শুনেছেন এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে বিডিআর থানায় জমা দিয়েছে।
ওসি আরও জানান, বিডিআর থানায় কোন হেরোইন জমা দেয়নি ।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ বিডিআরের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়কের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
শুক্রবার রাতের এই অভিযানে অস্ত্র ও হেরোইন আটক হলেও বিডিআর সামায়নকে আটক করতে পারেনি।
