২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ প্রতিমন্ত্রী চাকুরী হারালেন

টেলিভিশন চ্যানেলগুলোতে মঞ্চস্থ এক মহানাটকের মধ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবীর তালুকদার তার চাকুরী হারিয়েছেন। নজিরবিহীন ঘাটতি আর অব্যবস্থাপনার সব দায়ভার কাঁধে নিয়ে প্রতিমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারের পরপরই তাঁকে বরখাস্ত করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 11:04 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

প্রধানমন্ত্রী কার্যালয়ের এক ঊধ্বর্তন মুখপাত্র প্রতিমন্ত্রীর চাকরিচ্যুতির কথা বিডিনিউজ২৪ডটকমকে নিশ্চিত করেছেন। রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী শুক্রবার মধ্যরাতের কিছু আগে বলেছেন, ‘হ্যাঁ, আনোয়ারুল কবীর তালুকদারকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে’। (আপডেট)

বিডিনিউজ২৪ডটকম এর সংবাদদাতার সংগে কথা বলার সময় হারিছ চৌধুরী প্রেস সচিব তাজুল ইসলামের উদ্ধৃতি দেন।

এর আগে, টেলিভিশন চ্যানেল এনটিভি প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে রাত প্রায় পৌণে এগারটার দিকে জানায় যে, প্রতিমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 প্রতিমন্ত্রী বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে বলেছিলেন, ‘বিদ্যুৎ খাতে ব্যর্থতার সব দায়ভার কাঁধে নিয়েই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত কারণে’ এবং ‘বিবেকের তাড়নায় স্বেচ্ছায়’ এই সিদ্ধান্ত নিয়েছেন।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলাকে টেলিফোনে তিনি বলেন, ‘জাতির কাছে বোঝা হয়ে থাকার চেয়ে আমার বিদায় নেওয়াই ভাল।’ তার এই বক্তব্য শুক্রবার রাত ১০ টা ১০ মিনিটে সম্প্রচার করা হয়।

এর আগে তিনি চ্যানেল আইকে টেলিফোন করে তার সিদ্ধান্তের কথা জানান। চ্যানেলটি তার সেই টেলিফোন বক্তব্য সম্প্রচার করে রাত ন’টার খবরের অংশ হিসেবে।

পদত্যাগ পত্র তৈরি করেছেন কিনা এ প্রশ্নের উত্তরে তিনি এটিএনকে বলেছিলেন, এখনও তা তৈরি হয়নি। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানাবেন বলে তিনি জানিয়েছিলেন।

এনটিভিতে প্রচারিত সাক্ষাতকারে তিনি দাবি করেন, তাঁর ওপরে কোন চাপ ছিল না। এটি ছিল রাতে তাঁর তৃতীয় টিভি সাক্ষাৎকার।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী শুক্রবার রাত সাড়ে ৯টায় বিডিনিউজ২৪ডটকমকে বলেছিলেন, প্রতিমন্ত্রীর পদত্যাগের বিষয়ে তিনি কিছুই জানেন না।

তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে এনটিভিতে প্রচারিত খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে রাজনৈতিক সচিব রাত ১০টা ৫০ মিনিটে বিডিনিউজ২৪ডটকমকে বলেছিলেন, প্রতিমন্ত্রীকে অব্যাহতি দেওয়া হয়নি।

এ ছাড়া বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে ঘনিষ্ঠ সূত্রগুলো বলেছিল, তারাও এই পদত্যাগের কথা জানেন না।

রাত ১১টায় এটিএন বাংলা টেলিভিশন চ্যানেল জানায়, রাত সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টেলিফোন করে প্রতিমন্ত্রীকে অব্যাহতি দেওয়ার খবর জানানো হয়। এখবর দেওয়ার সময় এটিএন এবং এনটিভি উভয় চ্যানেলই কোন কর্মকর্তার উদ্ধৃতি দেয়নি।