পাবনায় শক্তিশালী বোমা হামলায় ১০ জন আহত
পাবনার আতাইকুলা থানার পুস্পপাড়া বাজারে শুক্রবার রাতে একটি চায়ের দোকানে সন্ত্রাসীদের শক্তিশালী বোমা হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে হোটেল বয় আতাউর রহমানের অবস্থা আশংকাজনক।
পুলিশ জানায়, পাবনার আতাইকুলা থানার পুস্পপাড়া বাজারে মান্নানের চায়ের দোকানে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সন্ত্রাসীরা দূর থেকে একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে। এসময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলে কমপক্ষে ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় হোটেল বয় আতাউর রহমানকে (১৬) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনার পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন বলে পুলিশ জানায়।
