লালমনিরহাট সীমান্ত থেকে ৬ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
জেলার মোগলহাট সীমান্ত থেকে শুক্রবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা ছয় বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে। বিডিআরের মোগলহাট কোম্পানি সদরদপ্তর ঘটনাটি নিশ্চিত করেছে। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের অর্নপুর এলাকার সীমান্ত সংলগ্ন ধরলা নদীতে মাছ ধরার সময় বিএসএফ সদস্যরা মজনু (২৫), ফজলু (২০), জিকরিয়া (২৫), তন্দুল (২৮), আজহার (২০) ও তয়েজুল (২৬)কে ধরে নিয়ে যায়।
বিডিআর ১৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক বাইরে থাকায় তাকে পাওয়া যায়নি। তবে মোগলহাট কোম্পানি সদরদপ্তরের সুবেদার মকবুল হোসেন বিডিনিউজ২৪ডটকমকে জানান, খবরটি তিনি শুনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
বিডিআরের রংপুর জোন কমাণ্ডার মেজর বলেছেন, খোঁজখবর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
