আফতাব আহমদের লাশ দাফনে বিলম্ব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আফতাব আহমাদের লাশ দাফনের স্থান সংক্রান্ত জটিলতার কারণে দাফনে প্রায় দেড় ঘন্টা দেরি হয়েছে।
পূর্ব নির্ধারিত স্থান অনুযায়ী মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে অধ্যাপক আহমাদের লাশ দাফনের কথা ছিল। বুধবার সকাল ১০ টায় সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তার মরদেহ দক্ষিণ ফুলার রোডের বাসভবনে নেওয়া হয়। এ সময় আফতাবের বাসভবনে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, উপ - উপাচার্য আফম ইউসুফ হায়দার, প্রক্টর আকা ফিরোজ আহমেদ, ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা।
অধ্যাপক আফতাবের স্ত্রী নূরজাহান আফতাব এ সময় উপাচার্য এসএমএ ফায়েজের কাছে দাবী জানান মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের মুক্তিযোদ্ধা কবরস্থানের অংশে স্বামীর লাশ দাফন করার।
তিনি বলেন, অধ্যাপক আফতাব একজন মুক্তিযোদ্ধা। তাই মুক্তিযোদ্ধা কবরস্থানের অংশে তার লাশ দাফন করার অধিকার আছে। মুক্তিযোদ্ধা অংশে তার লাশ দাফন না করা হলে লাশ অধ্যাপকের গ্রামের বাড়িতে নিয়ে যাবেন বলে জানান তিনি।
শেষপর্যন্ত তাৎক্ষণিক সিদ্ধান্তে আফতাবের লাশ মুক্তিযোদ্ধা করবস্থানের অংশে দাফন করা হয়।
