জাতীয় সংসদের মেয়াদ আরও চারদিন বাড়লো
জাতীয় সংসদের বর্তমান অধিবেশনের কার্যদিবস আরও চারদিন বাড়ানো হয়েছে। আগামী ৪ঠা অক্টোবর পর্যন্ত এই অধিবেশন চলবে বলে কার্য-উপদেষ্টা কমিটি আজ মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে।
কার্য-উপদেষ্টা কমিটি গত ১০ সেপ্টেম্বরের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংসদের বর্তমান অধিবেশন ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল।
স্পিকার মুহম্মদ জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির ওই সভায় আরও উপস্থিত ছিলেন বেগম রওশন এরশাদ, আইনমন্ত্রী মওদুদ আহমদ, প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, কৃষি মন্ত্রী এমকে আনোয়ার ও মাওলানা আবদুস সোবহান।
এদিকে সংসদীয় কার্যবিধি ৬২-এর আওতায় সংসদে মঙ্গলবারের নির্ধারিত আলোচ্যসুচির বাইরে সাইক্লোন, বিদ্যুৎ সমস্যা, আইন--শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে স্পিকার দু--ঘণ্টার অনির্ধারিত বিতর্ক করতে না দেওয়ায় বিরোধী দলীয় উপনেতা আবদুল হামিদ ও চীফ হুইপ আবদুস শহীদ সংসদ থেকে ওয়াকআউট করেন।
এ বিষয়ে বিরোধী দলীয় চীফ হুইপ আবদুস শহীদ বিডিনিউজকে বলেন, যে বৈঠকে জনগণের সমস্যা নিয়ে আলোচনা করতে দেওয়া হয় না সেখানে উপস্থিত থাকার কোন যুক্তি নেই।
তবে এ বিষয়ে স্পিকার বলেন, ‘বিষয়গুলো যেহেতু পয়েন্ট অব অর্ডারে সাংসদরা সবসময়ই আলোচনা করেন তাই ৬২ কার্যবিধির আওতায় এসব আলোচনার প্রয়োজন নেই।’
