চট্টগ্রামের মেঘনা পেট্রোলিয়ামে আগুন, অল্পের জন্য রক্ষা পেল কয়েকটি তেল স্থাপনা
চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে কোম্পানিটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
আগুন লাগার পর তেল কোম্পানিগুলোর কর্তৃপক্ষ বিভিন্ন ডিপো এবং তেল বোঝাই জাহাজগুলোতে অঘোষিত রেড এলার্ট জারি করেছে।
অগ্নিকান্ডে অল্পের জন্য রক্ষা পেয়েছে দেশের প্রধান কয়েকটি তেল স্থাপনা।
রাত প্রায় পৌণে ১২ টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনায় পতেঙ্গা এলাকার লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পাশেই অপর দুই রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি যমুনা ও পদ্মার প্রধান তেল স্থাপনা অবস্থিত।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মেঘনার নিজস্ব দমকল বাহিনী ছাড়াও চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানের ১১টি অগ্নি নির্বাপক দল রাত সোয়া ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন যাতে আরও ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
ফায়ার সার্ভিস বিভাগ নিশ্চিত করেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে, তবে এ সংবাদ লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য মেঘনা পেট্রোলিয়ামের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে তেল কোম্পানিটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান।
