ধামরাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ঢাবি ছাত্র নিহত
ধামরাই উপজেলার হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল খেলোয়ারের মধ্যে সংঘর্ষে দেলোয়ার হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে।
নিহত দেলোয়ার ঢাকা বিশ্ববিদ্যলয়ের ছাত্র বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কুমড়াইল ইয়ং ফেডারেশন কাপের একটি ম্যাচে কুমড়াইল ও সাভারের চাকলগ্রাম দলের মধ্যে খেলা চলছিল। গোল নিয়ে বিতর্কের এক পর্যায়ে দু’দলের মধ্যে সংর্ঘষ বাঁধে।
এ সময় কুমড়াইল দলের খেলোয়াররা দেলোয়ার হোসেন (২২) ও খোকনকে (২০) লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করে। তাদের ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা খোকনকে ছেড়ে দেন।
কিন্তু দেলোয়ারের অবস্থার অবনতি ঘটলে রাতে তাকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
নিহত দেলোয়ার চাকল গ্রামের শাহজাহান ওরফে কুটু মিয়ার পুত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
এদিকে দেলোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, দেলোয়ারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
