২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে অব্যাহত বর্ষণ, চলবে আরও দুই তিনদিন

উত্তর--পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সারাদেশে আরও দুই তিনদিন বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 02:03 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

কক্সবাজার এবং চট্টগ্রাম ও  মংলা সমুদ্র বন্দরকে শনিবারও ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যাওয়ার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেয়া হয়েছে।

আবহাওয়া দপ্তর জানায়, সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে।

গত ২৪ ঘন্টায় খুলনায় ২৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি ছিল সর্বোচ্চ বৃষ্টিপাত। রাজধানী ঢাকায় বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে ৮৬ মিলিমিটার। এ ছাড়া টেকনাফে ১৮৮ মিলিমিটার, কুতুবদিয়ায় ১৪৪ মিলিমিটার, কক্সবাজারে ১৯৫ মিলিমিটার, মাইজদিকোর্টে ১৫৯ মিলিমিটার, ফরিদপুরে ১০২ মিলিমিটার, চাঁদপুরে ৭৮ মিলিমিটার বৃষ্টিাপাত রেকর্ড করা হয়েছে।

দপ্তর জানায়, উত্তর--পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বুধবার অবস্থানরত মৌসুমী লঘুচাপটি উত্তর দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ--বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় নিুচাপ হিসাবে অবস্থান করছে।

শুক্রবার রাতভর বৃষ্টির পর শনিবার সকাল থেকে রাজধানী ঢাকায় কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো বা ভারী বৃষ্টি পড়ছে। চারদিন টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

বিরোধী দলের কর্মসূচির কারণে রাজধানীর ঢাকার অনেক স্কুল --কলেজ আজ খোলা থাকলেও বৈরী আবহাওয়ায় সেখানে শিক্ষার্থীর উপস্থিত ছিল একেবারেই কম। রাজধানীর প্রধান প্রধান সড়কের অনেক জায়গায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।