২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ চরমপন্থি নিহত

পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি পরিত্যক্ত ইটভাটা এলাকায় আজ শনিবার ভোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার দুই আঞ্চলিক নেতা নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 01:56 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এরা হলেন, ফরিদপুর উপজেলার হাদল গ্রামের সফর উদ্দিনের ছেলে হাইকুল (৩০) এবং সাঁথিয়া উপজেলার ভৈরবপুর গ্রামের বাজু মন্ডলের পুত্র হযরত আলী (৩৬)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -- ১২ পাবনা ক্যাম্প ধুলাউড়ি পরিত্যক্ত ইটভাটা এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের মধ্যে ২০/২৫ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধ চলাকালে চরমপন্থি নেতা হাইকুল এবং হযরত আলী গুরুতর আহত হয়।

আশংকাজনক অবস্থায় তাদেরকে পাবনা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশী রাইফেল, একটি শাটারগান, চার রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করে।

র‌্যাব আরো দাবি করে, নিহতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা এবং ডাকাতিসহ ১০/১২টি মামলা রয়েছে।