২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া সার কারখানা থেকে সার সরবরাহ পুনরায় বন্ধ

আশুগঞ্জ জিয়া সার কারখানা থেকে আজ বুধবার সকাল থেকে শ্রমিকরা সড়ক পথে সার সরবরাহ পুনরায় বন্ধ করে দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 01:59 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

সিবিএ এর আন্দোলনের কারণে গত তিনদিনও সার সরবরাহ বন্ধ ছিল। বুধবার থেকে নতুন করে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়াসহ ছয়টি জেলায় তীব্র সার সংকটের আশংকা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, কারখানাটির ঠিকাদারী প্রতিষ্ঠান বিজয় এন্টারপ্রাইজের শ্রমিকরা ট্রাকে সার বোঝাই করার পর বকশিস না দেয়ার প্রতিবাদে সার সরবরাহ বন্ধ করে দেয়।

শ্রমিকদের অভিযোগ, ৫০ কেজির এক হাজার বস্তা ট্রাকে বোঝাই করলে পাওয়া যায় মাত্র ১০০ টাকা। সেক্ষেত্রে ট্রাক চালক থেকে তারা ৫০/৬০ টাকা বকশিস পেয়ে থাকে। কিন্তু চালকরা এখন বকশিস দেয়া বন্ধ করে দিয়েছে।

বিজয় এন্টারপ্রাইজের মালিক তৌহিদুল ইসলাম নাছির বিডিনিউজ২৪.কমকে বলেন, ‘মাত্র আধা কিলোমিটার রাস্তা সার পরিবহনের জন্য তাদের দিতে হয় ১৩০০ টাকা। তারা আবারো ভাড়া বাড়ানোর পাঁয়তারা করছে।’

তিনি জানান, এক হাজার বস্তা সার ট্রাকে বোঝাই করার জন্য তারা পান ১২৩ টাকা। সেটাই দিতে তাদের আপত্তি।