যশোর-মাগুরা সড়কে ৫ ঘন্টা অবরোধ
পল্লী বিদ্যুৎ থেকে পিডিবিতে স্থানান্তরের দাবিতে বৃহস্পতিবার আন্দোলন সংগ্রাম কমিটি প্রায় ৫ ঘন্টা যশোর -মাগুরা সড়ক অবরোধ করে রাখে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৭ টা থেকে এ অবরোধ শুরু হয়।
অবরোধের ফলে সড়কের খাজুরা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৬ কি.মি. লম্বা যানজটের সৃষ্টি হয়। বেলা ১২ টায় আন্দোলনকারীরা তাদের অবরোধ তুলে নেয়।
সকাল থেকেই যশোর সদরের কিসমত নওয়াপাড়া, বাহাদুরপুর ও পাঁচবাড়িয়া গ্রামের শত শত মানুষ যশোর - মাগুরা সড়কের হাশিমপুর থেকে নওয়াপাড়া পর্যন্ত রাস্তায় অবরোধ সৃষ্টি করে। এ সময় সেখানে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল।
অবরোধ চলাকালে সংগ্রাম কমিটির নেতা আনোয়ারুল কবির নান্টুর সভাপতিত্বে সমাবেশে আবদুল মান্নান, মশিয়ার রহমান, আক্তারুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।
প্রসঙ্গত, উল্লিখিত তিনটি গ্রাম আগে পিডিবির আওতায় ছিল। পরে এগুলো পল্লী বিদ্যুতের আওতাধীন করা হয়। কিন্তু এর ফলে এসব অঞ্চলে দিনে এক থেকে দেড় ঘন্টা মাত্র বিদ্যুৎ সরবরাহ পায় স্থানীয়রা। এ অবস্থা থেকে উত্তরণে সংগ্রাম কমিটি দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করছে।
