২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় দারোগা নিহত

প্রায় দেড় মাস আগে অপহৃত এক তরুণীকে উদ্ধার করে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় কক্সবাজারের উখিয়া থানার দারোগা দীলিপ কুমার শর্মা (৫০) নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 03:15 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

রোববার ভোররাত প্রায় সাড়ে ৪টায় উখিয়া স্টেশনের কাছে উখিয়া গার্লস স্কুল এন্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে আরো পাঁচজন আহত হয়।

উখিয়া থানা পুলিশ জানায়, উখিয়া থানার দারোগা দীলিপ কুমার শর্মা ফোর্স নিয়ে শনিবার রাতে চকরিয়া থানার কাছাকাছি একটি বাড়ি থেকে অপহৃত এক তরুণীকে উদ্ধার করেন। তাকে নিয়ে ফেরার পথে উখিয়া গার্লস স্কুল এন্ড কলেজের সামনে তাদের বহনকারী মাইক্রোটি (চট্ট - মেট্রো-চ-১১-০৭০৬) রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই দারোগা দীলিপ মারা যান।

এসময় আহত হয় কনস্টেবল আবদুল লতিফ, আনসার সদস্য মাসুদ মিয়া, উখিয়ার রুমখা পালং বড়বিলের হাশেম মেম্বার ও উদ্ধারপ্রাপ্ত তরুণীটি।

এদের মধ্যে আবদুল লতিফের অবস্থা সংকটাপন্ন।

তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজউল্লাহ ভূঁইয়া জানান, নিহত দীলিপের বাড়ি চট্টগ্রামের মিরেরসরাই এলাকায়। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

থানা সূত্র আরো জানায়, উখিয়া উপজেলাধীন রুমখা পালং এলাকার বড়বিল গ্রামের এক তরুণীকে একই এলাকার যুবক দিদারুল আলম অপহরণ করেছে মর্মে গত ১৯ জুলাই উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। দীর্ঘ প্রায় দেড় মাসেও তাকে উদ্ধার করা যায়নি। গত শনিবার মেয়েটির পরিবার খবর পেয়ে তা পুলিশকে জানালে পুলিশ তাকে উদ্ধারে চকরিয়া গিয়েছিল।

দুর্ঘটনার পর মাইক্রোর চালক নুরুল আলম প্রকাশ পালিয়ে গেছে।