২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিপরিষদ সচিব হলেন আবু সোলায়মান চৌধুরী

সব জল্পনা - কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তিযোদ্ধা কর্মকর্তা হিসেবে প্রশাসনে পরিচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সোলায়মান চৌধুরীকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নিয়োগ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণের মাধ্যমে রোববার প্রশাসনের জৈষ্ঠ্যতম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৭৩ সালের ব্যাচের কর্মকর্তা সোলায়মান চৌধুরীকে এই নিয়োগ দেওয়া হয়।

মন্ত্রিপরিষদের সচিব পদে চুক্তিভিত্তিক নিযুক্ত এএসএম আব্দুল হালিমের চুক্তির মেয়াদ ৩১ আগস্ট শেষ হয়। তার চুক্তি পুনরায় নবায়ন না করে প্রশাসনে কর্মরত সচিবদের মধ্য থেকেই জৈষ্ঠ্যতম সচিবকে ওই পদে নিয়োগ করা হলো।

মন্ত্রিপরিষদের সচিবের দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় সোলায়মান চৌধুরী বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। দোয়া করবেন, যেনো ভালভাবে তা পালন করতে পারি’।

আবু সোলায়মান চৌধুরী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব গ্রহণের আগে রাষ্ট্রপতির কার্যালয়, স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের নির্বাহী কর্মকর্তা, ঢাকার বিভাগীয় কমিশনার, নির্বাচন কমিশনের যুগ্ম সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন বিষয়ে প্রথম শ্রেণীতে øাতকোত্তর উত্তীর্ণ সোলায়মান চৌধুরী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন।

কর্মজীবনে তিনি দেশ ও বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফেলোশীপ ও ডিগ্রী অর্জন করেন।