নারীর মানবাধিকার রক্ষায় পুরুষেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে : বিচারপতি মোদ্দাসির
নারী নির্যাতন দূর করতে এবং নারীর মানবাধিকার রক্ষায় পুরুষেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নারীর প্রকৃত অবস্থা সম্পর্কে সচেতন বিচারকরাই নারীর বিরুদ্ধে যাবতীয় সহিংসতার অবসান ঘটাতে পারেন।
শনিবার প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদ্দাসির হোসেন ঢাকায় এক সেমিনারে একথা বলেন।
নারীর প্রতি সহিংসতা রোধে বিচার বিভাগের ভূমিকা নিয়ে ‘জুডিশিয়াল জেন্ডার ইকুয়ালিটি এন্ড হিউম্যান রাইটস : ব্রডেনিং দি স্পেকট্রাম’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে খান ফাউন্ডেশন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ। মূল প্রবন্ধ পাঠ করেন ফেডারেল কোর্ট অফ কানাডার বিচারপতি ডগলাস আর ক্যাম্পবেল। সভাপতিত্ব করেন বিজ্ঞান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ড. আবদুল মঈন খান।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মোদ্দাসির আরো বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী অধিকার ও সর্বোপরি মানবাধিকার রক্ষার আইনী দায়িত্ব পালনের ক্ষেত্রে বিচারকদের সচেতন ও উদ্যোগী ভূমিকা পালনের কোন বিকল্প নেই।
বিচারপতি ডগলাস তার প্রবন্ধে বিচার বিভাগ ও জনগণের মধ্যে ঘণিষ্ঠ সম্পর্ক স্থাপন এবং নারীর প্রতি সহিংসতা ও মানবাধিকার রক্ষায় প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে বিচারকদের মধ্যে সংবেদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার মওদুদ বলেন, আমাদের সংবিধান ও সরকারের উদ্যোগ জনগণের মধ্যে সাম্য ও মানবাধিকার রক্ষায় নিয়োজিত। তিনি আরো জানান, এ লক্ষ্যে সরকার ও বেসরকারি সংস্থাগুলো নারীদের আইনী সহায়তা দিচ্ছে।
সভাপতির বক্তব্যে ড. মঈন খান বলেন, আমাদের সংবিধানে নাগরিক উদ্যোগ, নারী নেত্রী ও কর্মীদের ভূমিকা, নারী শিক্ষা ও ক্ষমতায়নে যাবতীয় উদ্যোগ ইতিবাচক হলেও বাস্তবতা ভিন্ন। আমাদের সমাজে নারীর প্রকৃত অবস্থান এবং তাদের অসহায়ত্বের বাস্তব চিত্র বুঝতে হবে।
ড. মঈন নারীর প্রতি সহিংসতা এবং মানবাধিকার রক্ষায় আইনের যথাযথ প্রয়োগের দিকে মনোযোগী হওয়ার ওপরও গুরুত্ব আরোপ করেন।
