রেল রক্ষা দিবস উপলক্ষে সিপিবির বিক্ষোভ কর্মসূচি
বাংলাদেশ রেলওয়ের দুর্নীতি ও ব্যাক্তি মালিকানায় হস্তান্তর বন্ধ এবং রেলওয়ে ব্যবস্থার উন্নয়নের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রোববার দেশের সকল রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচির মাধ্যমে রেল রক্ষা দিবস পালন করবে।
এ উপলক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটি রোববার বিকেল চারটায় নগরীর কমলাপুর রেলস্টেশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
রেল রক্ষা দিবস পালন উপলক্ষে শনিবার সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে বলেন, এডিবি ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর চাপের কাছে নতি স্বীকার করে রেলকে কখনো কর্পোরেশন, কখনো কর্পোরেট এনটিটি, আবার কখনো লাইনস অব বিজনেস ইত্যাদির ছদ্মাবরণে হোল্ডিং কোম্পানী করার ষড়যন্ত্র চলছে।
বিবৃতিতে আরো বলা হয়, রেলের সম্পদ জনগণের সম্পদ। অথচ রেলের ইঞ্জিন, বগি, লাইন, স্টেশন, অবকাঠামো ও জমি সবকিছু ব্যাবহার করে একটি গোষ্ঠী মুনাফা লুটে নিচ্ছে। আর শর্তযুক্ত বিদেশী ঋণ তথাকথিত রেলস্টেশন ও দালান-কোঠা নির্মাণে ব্যায় করা হচ্ছে। অথচ রেল ব্যাবস্থার কোন উন্নয়ন হচ্ছে না।
