দৌলতদিয়া ফেরীঘাটে আটকা পড়েছে শত শত যানবাহন
রাজবাড়ীর পদ্মা নদীতে আরিচা-দৌলতদিয়া ফেরীঘাটের দুটি ঘাটের মধ্যবর্তী পল্টুন মেরামতের কারণে একটি ঘাট বন্ধ থাকায় ফেরীঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফেরীঘাটে শতাধিক যাত্রীবাহী কোচ ও ৩ শতাধিক পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন পদ্মা নদী পার হওয়ার অপেক্ষায় দীর্ঘ লাইনে অপেক্ষা করছে।
সূত্র জানায়, ঘাটের ২ নম্বর ফেরীঘাট দিয়ে ফেরী পারাপার সচল থাকলেও যানবাহন ওঠানামা করছে পল্টুনের মাত্র একটি পয়েন্ট দিয়ে। বাকি দুটি পয়েন্টে পানির তীব্র চাপের ফলে ফেরী পল্টুনে দাঁড়াতে পারছে না। ফলে ফেরী ঘাটে এসে পৌছার পরও মাত্র একটি পয়েন্ট দিয়ে যানবাহন খালাস করতে দীর্ঘ সময় লাগছে। এ কারণেই যাত্রীবাহী কোচের শত শত যাত্রীকে পরিবার পরিজন নিয়ে বৃষ্টিতে ভিজে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে।
এ বিষয়ে বিআইডাব্লউটিসি সূত্র জানায়, ১ নম্বর ঘাটের নষ্ট পল্টুন মেরামতের কাজ শুরু হলেও বৃষ্টি ও নদীতে পানি বৃদ্ধির কারণে সন্ধ্যা পর্যন্তকাজ শেষ করা সম্ভব হয়নি। এ কারণেই যানজটের সৃষ্টি হয়েছে।
