ফরিদপুর, কিশোরগঞ্জ ও রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ১০
ফরিদপুর, কিশোরগঞ্জ ও রাজবাড়ীতে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরসহ ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছে।
ফরিদপুর থেকে বিডিনিউজ প্রতিনিধি জানান, ঢাকা - বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি যাত্রী বাস সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যায় এবং অপর ১০ জন আহত হয়। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ - ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার মুকসেদপুরে মোস্তফা কামাল (১২) নামে এক কিশোর ঠেলাগাড়ি বোঝাই লাকড়ি নিয়ে যাওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-২৪৫২) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
স্থানীয়রা ঘাতক ট্রাক চালক আব্দুল কুদ্দুস ও হেলপার সোনা মিয়াকে আটক করে থানায় সোপর্দ করে।
অপরদিকে কিশোরগঞ্জ - করিমগঞ্জ সড়কে সকাল ১০ টার দিকে আবুল (৪০) নামে এক সাইকেল আরোহীকে করিমগঞ্জগামী একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
রাজবাড়ী প্রতিনিধি জানান, দৌলতদিয়া--খুলনা মহাসড়কের রাজবাড়ী মোড়ে শুক্রবার সকাল সাড়ে ৭ টায় তেলবাহী লরীর নিচে চাপা পড়ে আজাদ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত আজাদ গোয়ালন্দের বেপারীপাড়া গ্রামের মো. নুরউদ্দিন বিশ্বাসের ছেলে।
এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এতে অসংখ্য গাড়ি আটকে গেলে যাত্রীরা দুর্ভোগের শিকার হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রাজি হলে সাড়ে ১০ টায় অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ লরী চালককে আটক করেছে। এ ব্যাপারে রাজবাড়ী থানায় মামলা হয়েছে।
