‘পায়ে গুলি না লেগে বুকে লাগলেও ক্ষতি ছিল না, সবাই জানতো দেশের জন্য জীবন দিয়েছি’-ফুলবাড়ীতে আহত এক আদিবাসীর দম্ভোক্তি
‘এশিয়া এনার্জিকে রুখতে আমি মরতে প্রস্তুত। ওই দিন পায়ে গুলি না লেগে আমার বুকে গুলি লেগে যদি আমি মারাও যেতাম, কোনো ক্ষতি ছিলো না। তবু মানুষ জানতো, আমি দেশের জন্য জীবন দিয়েছি!’
দিনাজপুরের ফুলবাড়ি হত্যাকাণ্ডের চারদিন পর আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য হাসপাতালে সদ্য ভর্তি সাঁওতাল আদিবাসী দিনমজুর গণেশ কর্মকার (৩৬) যখন এ কথাগুলো বিডিনিউজকে বলছিলেন, তখন তাকে ঘিরে থাকা একদল নার্স ও হাসপাতাল কর্মী ‘শাবাস’ বলে পিঠ চাপড়ে বাহবা দেন; বুঝিয়ে দেন ফুলবাড়ি বিদ্রোহের সঙ্গে তাদের একাতœতার কথা।
আর ঠিক একই সময় হাসপাতালের সামনে দিয়ে এশিয়া এনার্জির কয়লা খনি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনকারী নারী - পুরুষের একটি বিরাট মিছিল রাজপথ অতিক্রম করছিল।
ওই দিন (২৬ আগস্ট) গুলিবিদ্ধ হওয়ার চারদিন পর কেন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এ প্রশ্নের জবাবে তিনি জানান, ফুলবাড়ির মহাসমাবেশে তথা এশিয়া এনার্জির কার্যালয় ঘেরাও কর্মসূচিতে আইন - শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিবর্ষণের পর তার বিরামপুরের ধনতলা গ্রামের সমস্ত আদিবাসীরা গ্রেপ্তার এড়াতে গ্রামছাড়া হয়েছিলেন। পরিস্থিতি আপাতঃ শান্ত হওয়ায় তারা আবার গ্রামে ফিরতে শুরু করেছেন। এই সুযোগে তিনিও হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসা নিতে।
হাসপাতালের চিকিৎসক ও আহত গণেশ কর্মকারের সঙ্গে আলাপ করে জানা যায়, তার ডান পায়ে হাঁটুর নীচে গুলি এফোঁড় - ওফোঁড় হয়ে বের হয়ে যায়। স্থানীয় এক চিকিৎসকের সহায়তায় প্রাথমিক চিকিৎসা নেওয়ায় রক্ত বন্ধ হয়; কোনো পচন ধরেনি।
গণেশ বলেন, ‘আমরা এশিয়া এনার্জির কয়লা খনি চাই না; ওই কয়লা খনি হলে আমাদের ভিটে - মাটি থেকে উচ্ছেদ হয়ে দেশান্তরী হতে হবে। তারা ক্ষতিপূরণ দিতে চাইলেও আমরা তা মানতে রাজি না। আমরা যে যেখানে যেভাবে আছি, সেভাবেই নিজের মতো করে বাঁচতে চাই’।
‘তাহলে দেশের উন্নয়ন হবে কিভাবে’ - এ প্রশ্নের জবাবে গণেশ অনেকটা ক্ষোভের সঙ্গেই পাল্টা প্রশ্ন করেন, ‘আপনারা কি ধরনের কথা বলেন, আমি তো বুঝি না; মানুষের জানমাল বড়, না উন্নয়ন বড়’?
তিনি বলেন, ‘দেশী বিদেশী উন্নয়ন যত ইচ্ছা হোক, আমাদের যেন কেউ না ঘাটায়। এই দাবিতে বাঙালি - আদিবাসী সবাই এখন একাট্টা। এ জন্যই ওই মিটিঙে (২৬ আগস্ট) আমরা আশপাশের সমস্ত গ্রাম থেকে শত শত আদিবাসী ঢাক - ঢোল, তীর - ধনুক নিয়ে জড়ো হয়েছিলাম। বাঙালিদের পাশাপাশি আমরা এখনও আন্দোলনে আছি’।
