টাঙ্গাইলের মধুপুরে আদিবাসী নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ
টাঙ্গাইলের মুক্তাগাছার মধুপুর বনাঞ্চলের বনরক্ষীদের গুলিতে একজন আদিবাসী নারী আহত হওয়ার ঘটনায় আদিবাসী ইউনিয়ন শুক্রবার এক বিবৃতিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বিবৃতিতে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আহত সিসিলিয়া স্লানের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
এছাড়া বিবৃতিতে স্থানীয় প্রশাসন বনরক্ষীদের বিরুদ্ধে মামলা না নেওয়ায় তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, হত্যা - নির্যাতন করে আদিবাসী কণ্ঠ স্তব্ধ করা যাবে না।
প্রসঙ্গত, মধুপুর বনাঞ্চলের রসুলপুর রেঞ্জ এলাকায় সোমবার সিসিলিয়া স্লানসহ অন্যান্য গারো আদিবাসী নারী রান্নার জন্য কাঠ সংগ্রহ করতে যান। এ সময় তাদেরকে লক্ষ্য করে বনরক্ষীরা গুলি চালালে সিসিলিয়া স্লান আহত হন।
এ ঘটনার প্রতিবাদে তারা মঙ্গলবার মধুপুর - ময়মনসিংহ সড়ক তিন ঘন্টারও বেশি সময় অবরোধ করে রাখেন।
