চুক্তি বাস্তবায়নের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন
অবিলম্বে গার্মেন্টস শ্রমিক সংগঠনের সঙ্গে ২২ জুন সম্পাদিত চুক্তির বাস্তবায়নসহ শ্রমিকদের নতুন মজুরী ঘোষণার দাবিতে পোশাক শিল্প শ্রমিকরা শুক্রবার ঢাকায় মুক্তাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
শুক্রবার জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই মানববন্ধন কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক নারী শ্রমিকসহ নগরীর বিভিন্ন স্থান থেকে আগত গার্মেন্টস শ্রমিকরা অংশ নেন।
এসময় ফেডারেশনের সভাপতি সাহিদা সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পদকসহ কেন্দ্রীয় নেতারা।
বক্তারা অভিযোগ করেন, তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানের মালিকরা শ্রমিকদের সঙ্গে সম্পাদিত চুক্তির বাস্তবায়নে গড়িমসি করছেন। শুধু তা-ই নয়, কোনো কোনো ক্ষেত্রে মালিক পক্ষ শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। তারা দ্বিপক্ষীয় চুক্তির দ্রুত বাস্তবায়নের বিষয়ে মালিক পক্ষের আন্তরিকতা কামনা করেন।
বক্তারা বলেন, পোশাকশিল্প শ্রমিকদের নতুন মজুরী নির্ধারণের ক্ষেত্রে বর্তমান বাজার দরের বিষয়টি বিবেচনায় রাখা উচিত।
