২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা প্রত্যাহার হলে বিটিআরসি দেশব্যাপী ল্যান্ড-ফোন লাইসেন্সের অনুমোদন দেবে

ন্যাশনওয়াইড ল্যান্ড-ফোনের লাইসেন্স পেতে হলে সেন্ট্রাল জোন লাইসেন্স দরপ্রক্রিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আবেদনকারী অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 07:44 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

যদিও বসুন্ধরা গ্র“পসহ মামলা আবেদনকারিদের দাবী, মামলা প্রত্যাহারের আগে বিটিআরসিকে ন্যাশনওয়াইড পিএসটিএন (পাবলিক সুইচড টেলিকম নেটওয়ার্ক) ফোনের লাইসেন্স ইস্যু করতে হবে। 

এই সংকটের এখনো সুরাহা হয়নি উল্লেখ করে বিটিআরসি সূত্র জানায়, এজন্য আরো আলোচনার প্রয়োজন রয়েছে।

বাংলাদেশ টেলিকম অপারেটরস অ্যাসোসিয়েশন (বিটিওএ) বৃহস্পতিবার বিডিনিউজকে জানায়, চলমান সংকটের কারণে তারা দেশব্যাপী লাইসেন্সের জন্য তাদের প্রস্তাব জমা দিতে পারছেন না।

নতুন লাইসেন্স প্রক্রিয়া বাস্তবায়িত হলে ঢাকা জোন বেসরকারী ল্যান্ড-ফোন আপারেটরদের  আওত্তায় স্বাভাবিকভাবেই চলে আসবে বলেও বিটিওএ সূত্র উল্লেখ করে।

এর আগে ঢাকা অঞ্চলের জন্য বেসরকারি ল্যান্ডফোন পরিচালনাকরীদের লাইসেন্স প্রদানে দরপত্র আহ্বান করা হলেও চারটি মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করায় প্রক্রিয়াটি মাঝপথে বাধাগ্রস্থ হয়।

দেশের পাঁচটি অঞ্চলের মধ্যে চারটি অঞ্চলের জন্য ইতোমধ্যে যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তারাই ন্যাশনওয়াইড লাইসেন্স পাবে।

চারটি অঞ্চলের জন্য লাইসেন্সপ্রাপ্ত পাবলিক সুইচড টেলিকম নেটওয়ার্ক (পিএসটিএন) পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বসুন্ধরা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কস লিমিটেড, র‌্যাংকস টেলিকম লিমিটেড, টেলিবার্তা লিমিটেড, ন্যাশনাল টেলিকম লিমিটেড, ঢাকা টেলিফোন কোম্পানি লিমিটেড, পিপলস টেলিকম অ্যান্ড ইনফরমেশনাল সার্ভিসেস লিমিটেড এবং স্কয়ার ইনফরমেটিক্স লিমিটেড।

বিটিআরসি এবং বিটিওএর সদস্যদের মতে, হাইকোর্ট দরপত্র প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করলেও কেন্দ্রীয় অঞ্চলে বেসরকারি ল্যান্ডফোন চালু করতে বিকল্প উপায় খুঁজে বের করাটা অপরিহার্য।