২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতির প্রশ্নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারি প্রশিক্ষকদের মধ্যে ক্ষোভ

সমান পদমর্যাদার অন্যান্য কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার পদক্ষেপে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারি প্রশিক্ষকদের (এআই) মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের (এইউইও) দ্বিতীয় শ্রেণীর পদটিকে প্রথম শ্রেণীতে এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকের তৃতীয় শ্রেণীর পদকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার সুপারিশ করা হয়েছে।

সূত্র আরও জানায়, সরকার ২০০৫ সালের ২১ মে উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) শিক্ষা কর্মকর্তাদের সহকারি প্রশিক্ষক হিসেবে পদবিন্যাস করে। পদমর্যাদার দিক দিয়ে তারা উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সমতুল্য। 

কিন্তু সহকারি প্রশিক্ষকদের অবহেলা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা করার সুপারিশ করে। কিন্তু দ্বিতীয় শ্রেণীর সহকারি প্রশিক্ষকদের জন্য কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

এতে করে কয়েকজন সহকারি প্রশিক্ষক ক্ষোভের সঙ্গে জানান, দায়িত্বের অংশ হিসেবে তাদের প্রায়ই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে হয়। এখন প্রধান শিক্ষকদের তাদের সমান পদমর্যাদা দেওয়া হলে পরিদর্শন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। অন্যদিকে তাদের সমান পদমর্যাদাসম্পন্ন উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মর্যাদা উন্নীত করা হলে সেদিক থেকেও তারা বঞ্চিত হবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার এম আসাদুজ্জামান সুপারিশের কথা স্বীকার করে বিডিনিউজকে মঙ্গলবার বলেন, এ ব্যাপারে কর্তৃপক্ষ এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

মহাপরিচালক আরও বলেন, পদোন্নতি সম্পর্কে কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করেছে। তাদের বিষয়টিও বিবেচনা করা হবে।

প্রসঙ্গত সারা দেশে ৪৮১টি ইউআরসি রয়েছে। ইউআরসি থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বল্পকালীন প্রশিক্ষণ দেওয়া হয়।