২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস শিক্ষকদের সাথে শিক্ষা মন্ত্রীর বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাস, এক পক্ষ মানলেও অন্যপক্ষ মানেনি

বিসিএস শিক্ষা ক্যাডারের দুটি শিক্ষক সংগঠনের নেতাদের সাথে বৈঠকে শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক তাদের আংশিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

এক পক্ষ মন্ত্রীর আশ্বাস মেনে নিলেও শিক্ষকদের অন্যপক্ষ মানেনি। বিক্ষুব্ধ সমিতি নতুন করে আন্দোলনের কর্মসূচি দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার বিকালে মন্ত্রী পৃথক পৃথকভাবে দুটি সংগঠনের প্রতিনিধিদের সাথে দীর্ঘসময় ধরে বৈঠক করেন।

মতিউর রহমান গাজ্জালী ও জিল্লুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সিভিল সার্ভিস শিক্ষা অ্যাসোসিয়েশন আংশিক দাবি মানার বিষয়টি প্রত্যাখ্যান করে তাদের ১২ দফা দাবির সবকটি আগামী ১৩ আগস্টের মধ্যে মেনে নেওয়ার দাবি জানিয়েছে। অন্যথায় তারা দাবি আদায়ে ১৪ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে।

এছাড়া তাদের ২২ থেকে ২৭ আগস্ট প্রতিটি বিভাগীয় শহরে সমাবেশ ও ২৯ আগস্ট সকাল ৯টা থেকে শিক্ষা ভবনের সামনে শিক্ষক সমাবেশের কর্মসূচি রয়েছে।

শিক্ষক নেতারা জানান, তাদের গুরুত্বপূর্ণ দাবির মধ্যে অর্জিত ছুটি, নতুন পদ সৃষ্টি, অস্থায়ী পদগুলোকে স্থায়ীকরণ, সিলেকশন গ্রেড প্রদান - ইত্যাদি কোনো  দাবিই সরকার মানেনি। তবে অধ্যাপক ইফতেখান আহমদ খান ও মাসুমে রব্বানী খানের নেতৃত্বাধীন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বৈঠকের সিদ্ধান্ত মেনে নিয়েছে বলে সাংবাদিকদের জানান।