২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন থেকে আরো ৪০০ বাংলাদেশী নাগরিক দেশে ফিরছেন

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ৪০০ জন বাংলাদেশী নাগরিক বৃহস্পতিবার ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এদের মধ্যে ২৬০ জন সিরিয়া হয়ে শনিবার ঢাকা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

 পররাষ্ট্র মন্ত্রনালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক জহিরুল হক বুধবার সাংবাদিকদের একথা জানান।

তিনি জানান, লেবাননের সাধারণ নিরাপত্তা বিভাগ এসব বাংলাদেশীর দেশে ফেরার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাদি সম্পন্ন করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সাহায্যে বুধবার এই ২৬০ জন বাংলাদেশীর সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছানোর কথা।

দামেস্ক থেকে শনিবার মধ্যপ্রাচ্যের একটি এয়ারলাইনের বিমানযোগে তারা ঢাকা পৌঁছাবেন বলে জানা গেছে। জহিরুল হক জানান, অবশিষ্ট ৪০০জনের মধ্যে ১৪০জন পরবর্তী ফ্লাইটে দেশে ফিরবেন।

লেবাননে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ২৭৮ জন বাংলাদেশী দেশে ফিরেছেন।