আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হচ্ছে
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বুধবার আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটির মূল শ্লোগান হচ্ছে ‘আদিবাসী অঞ্চল, ভূমি ও সম্পদের ওপর আদিবাসীদের অধিকার।’
দিবসটি উপলক্ষে আদিবাসী ফোরাম বাংলাদেশে বসবাসকারী ৪৫টি আদিবাসী সম্প্রদায়ের ৩০ লাখ মানুষের পক্ষে রাজধানীতে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে বিবিধ কর্মসূচী পালিত হচ্ছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই দিবসটি উপলক্ষে জাতিসংঘ মহাসচিব কফি আনান এক বাণীতে বলেন, বিশ্বের প্রায় ৭০টি দেশে ৩৭ কোটি আদিবাসী বসবাস করছে। তারা যেসব চ্যালেঞ্জের মোকাবেলা করছে সেগুলোকে স্বীকৃতি দেয়ার এটাই সময়।
পৃথিবীর ৭০টি দেশে ৩৭ কোটি আদিবাসীকে অধিকার সম্পর্কে সচেতন করতে জাতিসংঘ ১৯৯৪ সালে এই দিবস উদযাপনের ঘোষণা দেয়। সদস্য রাষ্ট্র্রগুলো যেন আদিবাসীদের উন্নয়নে ভূমিকা রাখে এজন্য ১৯৯৫ সাল থেকে ২০০৪ সালকে আন্তর্জাতিক আদিবাসী দশক ঘোষণা করে জাতিসংঘ। প্রথম দশক শেষ হওয়ার পর ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আদিবাসীদের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক দশক ঘোষণা করেছে।
