লেবাননে শান্তিরক্ষী বাহিনীর পাঠানোর ব্যাপারে ঢাকা ইতিবাচক
লেবাননে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ব্যপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মত সিদ্ধান্ত নিলে বাংলাদেশ তাতে ইতিবাচক সাড়া দেবে।
নিউইয়র্কে অনুষ্ঠিত ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) রাষ্ট্রদূতদের এক জরুরি বৈঠকে সোমবার জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি ড. ইফতেখার আহমেদ চৌধুরী বাংলাদেশের এই ইতিবাচক মনোভাবের কথা বলেন। ঢাকায় প্রাপ্ত এক বার্তায় মঙ্গলবার এ তথ্য জানা যায়।
তিনি বলেন, ম্যান্ডেট গ্রহণযোগ্য হলে এবং সবাই একমত পোষণ করলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষস্থানীয় অংশগ্রহণকারী হিসেবে বাংলাদেশ লেবাননে শান্তিরক্ষায় অংশ নেয়ার বিষয়টি অনুকূল মনোভাব থেকে যাচাই করে দেখবে।
বৈঠকে মিশরের স্থায়ী প্রতিনিধি প্রস্তাব করেন, লেবাননে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে গঠিত হলে শান্তিরক্ষা মিশনে মুসলিম দেশগুলোর অংশ নেয়া উচিত।
ড. চৌধুরী বলেন, নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো খসড়া প্রস্তাবে জন্য লেবানন ও কাতার যে সংশোধনী দিয়েছে তাতে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। প্রস্তাবে লেবাননের উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার ও বন্দিবিনিময়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, এ সমস্রার সমাধানে বাংলাদেশ সাধারণ পরিষদে বিশেষ অদিবেশন ডাকার পক্ষপাতী।
ড. চৌধুরী বলেন, বাংলাদেশ লেবানন সংকটের ব্যাপারে নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং এ সংক্রান্তঘটনাপ্রবাহ গভীরভাবে অনুসরণ করছে।
খসড়া প্রস্তাব নিয়ে আরব লীগের প্রতিনিধির উপস্থিতিতে মঙ্গলবার নিরাপত্তা পরিষদে বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্প্রতি মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত ওআইসি’র শীর্ষ সম্মেলনে সংঘর্ষ বন্ধের জন্য চার দফা প্রস্তাব পেশ করেন। প্রস্তাবটি সবাই গুরুত্বের সাথে নিয়েছেন।
নিউইয়র্কে ওআইসি’র রাষ্ট্রদূত পর্যায়ের বৈঠকে লেবানন পরিস্থিতি সংক্রান্ত এক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটে যাওয়া ফরাসী-মার্কিন খসড়া প্রস্তাব সম্পর্কে লেবাননের রাষ্ট্রীয় অবস্থানের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করা হয়।
লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা রোম সম্মেলনে যে সাত দফা পরিকল্পনা উপস্থাপন করেন সেটির ওপর জোর দিয়েছে ওআইসি। সাত দফা পরিকল্পনার প্রতি লেবাননের রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন রয়েছে এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওআইসি’র বিশেষ শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোও তাদের সমর্থন জানায়।
লেবাননের বিষয়ে দায়িত্ববান হওয়ার জন্য ওআইসি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। এ ছাড়া শিগগিরই যুদ্ধবিরতি ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ, লেবাননের ভূখন্ড থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার, গোটা লেবাননের উপর লেবাননি সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং বন্দি বিনিময়ের একটি প্রস্তাব আনার জন্য নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে ওআইসি।
