দেশের প্রায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই সোমবার ক্লাশ হয়নি
রাজধানী ঢাকার কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার ক্লাশ হলেও দেশের প্রায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই কোন ক্লাশ হয়নি।
প্রায় একমাস শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের পর সরকারের শর্তসাপেক্ষে শতভাগ বেতন প্রদানের দািব মেনে নেওয়ার ঘোষণায় শিক্ষকদের একাংশ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু বাকি শিক্ষক মোর্চাগুলো সরকারের এ ঘোষণা প্রত্যাখ্যান করে নিজেদের দাবি আদায়ে ধর্মঘট অব্যাহত রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
জাতীয় শিক্ষক - কর্মচারি ফ্রন্টের প্রধান আহ্বায়ক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বিডিনিউজকে বলেছেন, সরকারের এ ঘোষণা প্রতারণার সামিল। কেননা শতভাগ বেতন প্রদান তাদের নির্বাচনী প্রতিশ্র“তি থাকলেও তারা শর্তসাপেক্ষে তা প্রদানের ঘোষণা দিয়েছে। কিন্তু শিক্ষকদের প্রধান দাবি বাড়িভাড়া, চিকিৎসাভাতা বাড়ানো সেগুলো পূরণ করা হয়নি। ফলে পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
জাতীয় শিক্ষক-কর্মচারি ফ্রন্ট মঙ্গলবার এক প্রতিনিধি সভার আয়োজন করেছে। এ সভা থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
জাতীয় শিক্ষক - কর্মচারি ঐক্য পরিষদও ধর্মঘট অব্যাহত রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৯ আগস্ট ঐক্য পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে এক মহাসমাবেশের আয়োজন করেছে।
এদিকে শিক্ষক - কর্মচারি ঐক্যজোটের অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার অংশ সরকারের ঘোষণায় তাৎক্ষণিকভাবে আন্দোলন প্রত্যাহার করলেও শর্তসাপেক্ষে শতভাগ বেতন প্রদান না করলে তারা আবারও আন্দোলন শুরু করবে বলে একটি সূত্র জানিয়েছে।
শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের শরীফুল ইসলামের অংশ এক মাসের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে।
এদিকে কমিউনিটি প্রাথমিক শিক্ষকরা চাকরি জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় পড়ে মুখে কালো কাপড় বেধে অবস্থান ধর্মঘট পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে তারা জানান।
