লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকরি ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছে ঢাবি শিক্ষক সমিতি
লেবাননে বর্বরোচিত ইসরায়েলি হামলা এবং গণহত্যা বন্ধে জাতিসংঘ এবং ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকরি ভূমিকা গ্রহণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি আহ্বান জানিয়েছে।
ঢাবি শিক্ষক সমিতি রোববার লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক মৌন মিছিল বের করে। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শরীফউল্লাহ ভুঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান, সাবেক সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আব্দুস সালাম প্রমুখ।
বক্তারা লেবাননে বর্বরোচিত হামলা, অবৈধ অনুপ্রবেশ ও গণহত্যার তীব্র নিন্দা জানান। তারা ওআইসি ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ও সরকারের নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারসহ নিঃশর্ত যুদ্ধবিরতি এবং মানুষ হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
