কিছু চ্যানেলের প্রচার বন্ধ হয়ে যাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া
সরকার কিছু চ্যানেলের প্রচার বন্ধ করে দেওয়ায় ক্যাবল টিভি অপারেটরদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্যাবল অপারেটরস এসোসিয়েশন (কোয়াব) সরকারি এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও সংগঠনটির কিছু কিছু সদস্য এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।
জানা গেছে, সম্প্রতি তথ্য মন্ত্রণালয় সরকারি অনুমতি ছাড়া কোনো চ্যানেল প্রচারে টিভি অপারেটরদের ওপর নিষেধাজ্ঞা জারি করে। নিষিদ্ধ চ্যানেলগুলো হলো ইএসপিএন, স্টার স্পোর্টস, টেন স্পোর্টস, সেট ম্যাক্স, জি ক্লাসিক, জি এ্যাকশন, জি ট্রেন্ডজ, জি প্রেনিওর, ভিএইচ ১, জুম, এইচবিও, স্টার ওয়ান, ডিজনি ও আরও কিছু চ্যানেল।
ক্যাবল অপারেটরস অব বাংলাদেশ (কোয়াব) শনিবার এক সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রশংসা করেছে।
অপরদিকে কোয়াব এর কিছু সদস্য সরকারের এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দল যখন জিম্বাবুয়ে সফর করছে তখন এই সিদ্ধান্ত কার্যকর করা অত্যন্ত দুঃখজনক।
অপারেটররা শনিবার দুপুর ২টা থেকে স্থানীয় চ্যানেল এনটিভি, চ্যানেল ওয়ান, বাংলা ভিশন, এটিএন, আরটিভি, চ্যানেল ১, বৈশাখী ছাড়া অন্যান্য চ্যানেল প্রচার ২৪ ঘন্টার জন্য বন্ধ করে দিয়ে ধর্মঘট পালন করছে।
তবে একটি সূত্র জানায়, এসব অপারেটর বিদেশী চ্যানেল প্রচার বন্ধ করে দিলেও স্বঘোষিত সিডি চ্যানেল নামে তাদের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে হিন্দি ছবি প্রচার করছে।
