২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ২৯

নাটোর, সাভার, ফেনী, ফরিদপুর ও কুমিল্লায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত ও আরো ২৯ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2006, 09:37 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বিডিনিউজ নাটোর প্রতিনিধি জানান, জেলার সিংড়া উপজেলার শেরকোল পঞ্চবাড়িয়ায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় কমপক্ষে তিন দিনমজুরের মৃত্যু হয়েছে।

নিহতরা হল- সিংড়া উপজেলার পঞ্চশীলা গ্রামের মনসুর (৪০), আদর্শ গ্রামের মোশতাক (৪০),  খেজুরতলা গ্রামের মোশতাক (২৮)। 

পুলিশ জানায়, ১২ জন দিনমজুর নিয়ে শুক্রবার সকালে বগুড়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় ও আরো আটজন আহত হয়। পরে গুরুতর আহত একজন নাটোর সদর হাসপাতালে এবং অপর একজন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সিংড়া থানায় একটি মামলা হয়েছে।  

বিডিনিউজ সাভার প্রতিনিধি জানান, সাভারের নবীনগর -- কালিয়াকৈর মহাসড়কে শুক্রবার ট্রাক ও বেবি টেক্সির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।

নিহতের নাম -- মাসুদ রানা (৩৫)।

প্রত্যদর্শী সূত্র জানায়, সড়কের পলাশবাড়ি নামক স্থানে যাত্রীবাহী বেবি টেক্সিটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো - ড -- ৬৩৯৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেবিটেক্সি চালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর দুইজন যাত্রী আহত হয়।

পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ ফেনী প্রতিনিধি জানান, ফেনীর দাগনভূঁঞা উপজেলার বিডিআর গেট এলাকায় শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় এক টেম্পো চালক নিহত এবং শিশুসহ ১২ জন আহত হয়েছে।

নিহতের নাম আব্দুল করিম (৩৫) পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মিয়ারা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার  দিকে বিডিআর গেটের রাস্তার পাশে একটি সিএনজি টেম্পো দাঁড়িয়ে যাত্রী তুলছিলো। এসময় পিছন থেকে আসা দ্রুতগামী একটি বাস টেম্পোটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই টেম্পো চালক নিহত হন।

আহত যাত্রীদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সকলেই দাগনভূঁঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বাসিন্দা।

অপরদিকে এক মাস আগে ফেনীর চান্দিনায় সড়ক দুর্ঘটনায় আহত ফেনী আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি টিটু শুক্রবার সকালে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিডিনিউজ ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের তাম্বুলখানা বাজারে শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক মহিলা মারা গেছেন। এতে আহত হয়েছে আরো সাতজন।

নিহতের নাম সখিনা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তাম্বুলখানা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস চাপা দিলে ঘটনাস্থলেই সখিনার মৃত্যু হয়।

পরে চালক পালাতে গিয়ে আরো দ্রুত গতিতে গাড়ি চালালে কমপক্ষে আরো সাত পথচারি আহত হন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার দাউদকান্দিতে শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনায় মহিলা আওয়ামী লীগের দুই কেন্দ্রীয় নেত্রী এবং তাদের গাড়ির চালক আহত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদিকা জলি কবিরকে আশংকাজনক অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালের ভর্তি করা হয়।

আহত যুগ্ন সাধারণ সম্পাদিকা ফরিদুন্নাহার লাইলির হাত ও পা ভেঙ্গে গেছে। শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত অবস্থায় তাকে ঢাকার ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। 

সূত্র জানায়, ফরিদুন্নাহার লাইলি ও জলি কবির নোয়াখালিতে সংগঠনের এক সভায় যোগ দেওয়ার জন্য 

ভোরে ঢাকা থেকে প্রাইভেট কার যোগে রওয়ানা দেন। সকাল ৭ টার দিকে কুমিল্লার দাউদকান্দিতে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাস ধাক্কা দিলে তাদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। চালকসহ আরোহী দুই নেত্রীই দুর্ঘটনায় আহত হলে তাৎক্ষণিকভাবে তাদের ঢাকায় নেওয়া হয়।

সংবাদ পেয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরীসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ তাদের দেখতে হাসপাতালে যান।