জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬৬টি বেওয়ারিশ ও পোষা কুকুর হত্যা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার ক্যাম্পাসে বিচরণকারী বেওয়ারিশ ও পোষা ৬৬টি কুকুরকে হত্যা করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় এস্টেট শাখার কর্মকর্তা--কর্মচারীরা ঢাকা সিটি কর্পোরেশনের সহযোগিতায় সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান চালায়। বিষাক্ত ইনজেকশন পুশ করে কুকুরগুলোকে হত্যার পর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গর্ত করে মাটি চাপা দেয়া হয়।
এদিকে নির্বিচারে বেওয়ারিশ কুকুরের পাশাপাশি শিক্ষার্থীদের পোষা একাধিক কুকুর হত্যা করায় শিক্ষার্থীরা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। শনিবার এ ব্যাপারে শিক্ষার্থীরা একযোগে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ করবে বলে জানায় তারা।
