বিরোধী ও সরকারি দলের মধ্যে আলোচনার দরজা এখনো খোলা রয়েছে : সম্পাদকদের সঙ্গে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার বলেছেন, সরকারি ও বিরোধী দলের মধ্যে আলোচনার দরজা এখনো খোলা রয়েছে।
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধান বিরোধীদল প্রস্তাবিত আলোচনায় অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ সংবাদপত্র পরিষদের (বিএসপি) ব্যানারে চারটি জাতীয় দৈনিকের সম্পাদক প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয়তার ব্যাপারে মত ব্যক্ত করলে প্রধানমন্ত্রী বলেন, তার দল সব সময়ই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। তিনি নির্বাচনে সবার সহযোগিতা চান।
বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি এবং নিউ নেশন পত্রিকার সম্পাদক ব্যারিস্টার মঈনুল হোসেন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও যুগান্তর সম্পাদক গোলাম সারোয়ার প্রতিনিধি দলে ছিলেন।
এ সময় তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম ও প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সেখানে উপস্থিত ছিলেন।
