২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি থমথমে, ক্যাম্পাস পুলিশের দখলে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সাথে ছাত্রশিবিরের সংঘর্ষের চতুর্থ দিনে মঙ্গলবার ক্যাম্পাসে অস্বাভাবিক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাস অনেকটাই দখল করে রেখেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

বিশ্ববিদ্যালয় তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করলেও ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল দরজা বন্ধ থাকে। শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি। অনেক শিক্ষার্থীকে ক্যাম্পাসে গিয়েও ফিরে যেতে দেখা যায়। তবে শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। শ্রেণীকক্ষগুলো তালাবন্ধ ছিলো। পূণরায় সংঘাত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে, সংঘর্ষের ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে।

কোতোয়ালী থানার এস আই আসলামউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা চারশ’ থেকে পাঁচশ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান এবং অবৈধ জমায়েতের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

এর আগে, রোববারের সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবির ওই রাতেই কোতোয়ালী থানায় ছাত্রলীগের ১২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। এরা হচ্ছেন- জাহিদ, সোহাগ, ইমন, আরিফ, রনি, সৈকত, জুয়েল, জহির, মুসা সুমন, ফারুক ও শামীম।

অপরদিকে, ঘটনা তদন্তে সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোষাধ্যক্ষ অধ্যাপক আবু হোসেন সিদ্দিককে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে। উপাচার্য অধ্যাপক সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ১০ দিনের মধ্যেই রিপোর্ট প্রকাশ করা হবে।    

ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কামরুল হাসান রিপন জানান, তারা যে কোন মূল্যে ক্যাম্পাসে ছাত্রশিবিরের প্রবেশ প্রতিহত করবেন।

মঙ্গলবার ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন ক্যাম্পাসের বাইরে শিবিরের প্রবেশ প্রতিহত করার জন্য মিছিল করে। 

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলাকারী নেতা-কর্মীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ দাবি জানান।