দেশের বিভিন্ন সীমান্তে যুদ্ধাবস্থা, নওগাঁয় বিএসএফ’র গুলিতে ১ জন বাংলাদেশী নিহত
দেশের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লাসহ বিভিন্ন সীমান্তে বিডিআর -- বিএসএফ’র মধ্যে যুদ্ধাবস্থা চলছে। নওগাঁ সীমান্তে বিএসএফ’র গুলিতে একজন বাংলাদেশী নিহত হয়েছে। এ ছাড়া কুমিল্লা সীমান্তে রেড এলার্ট জারি করা হয়েছে।
এসব সীমান্ত এলাকার বাসিন্দারা আতংকে এলাকা ছাড়তে শুরু করেছেন। চরম উত্তেজনা বিরাজ করছে।
বিডিনিউজ’র নওগাঁ প্রতিনিধি জানান, জেলার নওগাঁর সাপাহার সীমান্তে বিডিআর ও বিএসএফ’র মধ্যে অব্যাহত গুলি বিনিময়ের ঘটনায় রোববার গভীর রাতে তোফাজ্জল হক কালু (৪৮) নামের এক বাংলাদেশী নিহত হয়। তার বাড়ি সাপাহারের দক্ষিণ পাতাড়ি গ্রামে।
বিডিআর সূত্র জানায়, সাপাহার উপজেলার বামনপাড়া বিওপির পাশে নো ম্যানস ল্যান্ড থেকে প্রায় ৩০০ গজ দূরে ভারতীয় সীমানায় বিএসএফ গুলি করে কালুকে হত্যার পর তার লাশ নিয়ে যায়।
এ ঘটনার পর বিডিআর ও বিএসএফ পরিখা খুঁড়ে মুখোমুখি অবস্থান নেয়। রোববার সারারাত ও সোমবার দিনভর দু’পক্ষের মধ্যে থেমে থেমে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
ঢাকায় বিডিআর সদর দপ্তরের এক উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে জানান, নিহত ব্যক্তি চোরাই গরুর ব্যবসায়ী।
দু’পক্ষই সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে।
বিডিনিউজ’র চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি বিডিআর কর্মকর্তার বরাত দিয়ে জানান, জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ সীমান্তে বিএসএফ ও বিডিআর’র মধ্যে শনিবার সারা রাত প্রায় ৪০০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। কোম্পানী কমান্ডার পর্যায়ে সোমবার বৈঠক হওয়ার কথা থাকলেও বিএসএফ’র অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত তা হয়নি বলে বিডিআর’র ব্যাটালিয়ন ৬ -- এর উপ -- অধিনায়ক মেজর নওরোজ জানান।
বিএসএফ ১৪০ ব্যাটালিয়নের সুখদেবপুর ক্যাম্পের জওয়ানরা উস্কানিমূলকভাবে শনিবার রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশের দিকে গুলি ছুঁড়ে। বিডিআরও এর পাল্টা জবাবে গুলিবর্ষণ করে। এরপর রাত ৩ টা পর্যন্ত থেমে থেমে উভয়ের মধ্যে গুলি বিনিময় চলে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বিডিনিউজ’র কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা সীমান্ত এলাকায়ও উত্তেজনা বিরাজ করছে। বিডিআর -- বিএসএফ এখন মুখোমুখি অবস্থানে। জেলার সীমান্ত এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে।
