নেত্রকোণার কলমাকান্দায় আ’লীগের জনসভায় দলীয় প্রতিপক্ষের হামলা: আহত ১০
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাও বাজারে শুক্রবার বিকালে দুর্গাপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি জালাল তালুকদারের জনসভায় কলমাকান্দা উপজেলা আ’লীগের প্রতিপক্ষের নেতাকর্মীরা হামলা চালালে কমপক্ষে ১০জন আহত হয়েছে।
দূর্গাপুর উপজেলা আ’লীগ সূত্র জানায়, সাবেক এমপি জালাল তালুকদারের শুক্রবারের জনসভায় কলমাকান্দা উপজেলা আ’লীগের একটি অংশ তার বিরুদ্ধে অবস্থান নিয়ে এ হামলা চালায়।
এ সময় হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি চালায় বলেও সূত্র জানায়। উভয় দলের মধ্যে বেশ কিছুক্ষণ ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ চলে। পরে নিকটবর্তী সীমান্ত ফাঁড়ি থেকে বিডিআর এসে দুই দলের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় এ ঘঞটনায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে জালাল তালুকদার জানান, আগামী নির্বাচনে তিনি যাতে মনোনয়ন না পান সে জন্যে তার বিরুদ্ধে কলমাকান্দা উপজেলা আ’লীগ ষড়যন্ত্র করছে এবং তাকে হত্যার পায়তারা করছে।
