২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে জেলা জজ ও আন্দোলনরত আইনজীবীদের মধ্যে সমঝোতা বৈঠক, আদালতে অচলাবস্থার নিরসন

জেলা ও দায়রা জজ আবুল মনসুরের সাথে বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি নেতৃবৃন্দের সমঝোতা বৈঠকের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের অচলাবস্থার নিরসন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 06:31 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

বৈঠকে অভিযুক্ত চার আইনজীবীর বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ফয়সালা হয় বলে খবর পাওয়া গেছে।

অপরদিকে জেলা ও দায়রা জজ আবুল মনসুরের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগ এবং বিরাজমান বিশৃঙ্খলা খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খাদেমুল ইসলাম মোহাম্মদ বেলাল নারায়ণগঞ্জ আসেন।

তিনি সাধারণ আইনজীবী ও বিচারকদের সাথে কথা বলেন।

এসময় সাধারণ আইনজীবীরা তাকে জানান, জেলা ও দায়রা জজ আবুল মনসুর নারায়ণগঞ্জে বিগত ৩ বছর ১১ মাস যাবত কর্মরত রয়েছেন। এ দীর্ঘ সময়ে তার বিরুদ্ধে কেউ কোনো দুর্নীতির অভিযোগ তোলেনি। আর মাত্র এক মাস পরেই তার অবসের যাওয়ার কথা। ঠিক এসময়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে কেউ কেউ ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছেন।

তারা আরো বলেন, জেলা ও দায়রা জজ দূর্নীতিগ্রস্থ হলে তার বিরুদ্ধে উর্দ্ধতন মহলে অভিযোগ করা যেত। সন্ত্রাসী কায়দায় আইনজীবীদের আদালতে এসে কাজ করতে বাধা দেয়ার পেছনে কোন যৌক্তিকতা নেই।

এদিকে জেলা আইনজীবী সমিতি দুপুরে এক জরুরী সভায় বসে। সভা শেষে কয়েকজন প্রবীণ আইনজীবী জেলা জজের কাছে গিয়ে অভিযুক্ত আইনজীবীদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ প্রত্যাহারের অনুরোধ জানান। পরে জেলা ও দায়রা জজ এবং আইনজীবীদের মধ্যে এক যৌথ বৈঠকে বিরোধের মীমাংসা হয়েছে বলে জানা গেছে।