আওয়ামী লীগের ওয়াক আউটের মধ্যে দিয়ে বুধবার সংসদ অধিবেশন সমাপ্ত
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার বক্তব্য ছাড়াই প্রধান বিরোধী দল আওয়ামী লীগের ওয়াক আউটের মধ্যে দিয়ে বুধবার জাতীয় সংসদের অধিবেশন শেষ হয়েছে।
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের অধিবেশনে কেবল টিভি নেটওয়ার্ক পরিচালনা বিল, ২০০৬ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন (সংশোধন) বিল, ২০০৬ সংসদে উপস্থাপন করা হয়।
প্রস্তাবিত ১৫ তম সংবিধান সংশোধনী বিল দিনের কার্যসূচিতে অর্ন্তভূক্ত থাকলেও আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ শেষ পর্যন্ত বিলটি আর উপস্থাপন করেননি।
পরে অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভ্ূঁইয়া, জাতীয় পার্টির সৈয়দ রাজিয়া ফয়েজ এবং কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী।
আব্দুল মান্নান ভূঁইয়া বিরোধী দলের ওয়াক আউটের সমালোচনা করে বলেন, বিরোধী দলের ওয়াক আউট হলো তাদের হতাশার বর্হিঃপ্রকাশ। তারা যাই ধরতে চায়, তাই হাওয়া হয়ে যায়।
রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের সময় চেয়ে দেখা করতে না পারায় তিনি বিরোধী দলীয় নেতার সমালোচনা করেন।
মান্নান ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ আন্দোলনে ব্যার্থ হয়ে সকল প্রতিষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিতর্কিত করছে; নির্বাচন কমিশনের সম্মানকে ভূলুন্ঠিত করেছে।
তিনি বিরোধী দলের প্রতি সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার দাবী জানিয়ে বলেন, আসুন আলোচনা করে সমস্যার সমাধান করি। তত্বাবধায়ক সরকার আমলে আর আলোচনা বা সমাধানের পথ থাকবে না।
সংসদের চলতি অধিবেশনে মোট ২৬ টি কার্যদিবস সংসদ চলে। এতে ২০০৫ -- ০৬ সালের সম্পূরক বাজেট এবং ২০০৬ -- ০৭ অর্থবছরের মূল বাজেটসহ ১৩ টি বিল পাস হয়।
