২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালির দুর্গম চরাঞ্চলে ভাসছে অর্ধশতাধিক লাশ

পটুয়াখালি জেলার গলাচিপার দুর্গম উপকূলে সোমবার অর্ধশতাধিক লাশ পানিতে ভাসতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গোপসাগরের বিভিন্ন চরাঞ্চলে গত সপ্তাহে ঝড়ের কবলে পড়ে একাধিক মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ সব লাশ ডুবে যাওয়া হত্যভাগ্য জেলেদের। গত দুদিন ধরে সাগরপাড় থেকে ভেসে আসছে অগনিত লাশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 09:58 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

খোঁজ নিয়ে জানা যায়, চরতাপসীতে অন্তত ছয়টি, চরআণ্ডায় ১০টি, সোনারচরে আরো ১০ টি, রূপারচরে ১৮ টি এবং দ্বীপেরচরে ১৪ টি লাশ ভেসে এসেছে।

এছাড়া উপকূল থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে জনবসতিহীন চরকবির সংলগ্ন চ্যানেলে আরো ছয়টি লাশ ভেসে বেড়াচ্ছে।

চরমোন্তাজের মৎস্য ব্যবসায়ী আজাদ সাথী সাগরপাড় থেকে ফিরে সোমবার সাংবাদিকদের জানান, তিনি বিভিন্ন দুর্গম চরাঞ্চলে অসংখ্য লাশ ভাসতে দেখেছেন। শুধু বনবিভাগের বাগানেই অন্তত পাঁচটি লাশ ভাসছে।

স্থানীয় জেলেরা জানান, সোনারচর থেকে আরো ২৫ কিলোমিটার দক্ষিণে শিবচর ও চরবিদ্যুত এলাকায়ও বেশ কয়েকটি লাশ ভেসে উঠেছে।

রাঙাবালি থানার ওসি শীলামনি চাকমা দুর্গম চরাঞ্চলে বহুসংখ্যক লাশ ভেসে উঠার কথা স্বীকার করেছেন। তিনি বিডিনিউজকে জানান, এসব লাশ উদ্ধারের জন্য এরই মধ্যে পুলিশ অভিযানে নেমেছে।

ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বিডিনিউজকে জানান, তিনিও স্থানীয় জনতাকে সাথে নিয়ে লাশগুলো উদ্ধারে প্রশাসনকে সহায়তা দিচ্ছেন।

এদিকে একাধিক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ’র কলাপড়া (পটুয়াখালি) প্রতিনিধি জানান, বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন লেম্বুরচর এলাকায় ও ফুলবনিয়া সংলগ্ন সোনারতলা নদীতে দুদিন ধরে দুটি অর্ধগলিত মৃতদেহ ভাসছে।