২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পীরগঞ্জে প্রভাষকের বিরুদ্ধে সহকর্মীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ লোহাগাড়া কলেজের এক প্রভাষকের বিরুদ্ধে একই কলেজের এক সহকারি অধ্যাপিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

জানা গেছে, ২৯ জুন ওই কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রেজাকুল ইসলাম শিক্ষক কমনরুমে একা পেয়ে ওই অধ্যাপিকার শ্লীলতাহানির চেষ্টা চালায়।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষকে মৌখিকভাবে জানানো হলেও ওই প্রভাষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ওই অধ্যাপিকা রোববার অভিযুক্ত প্রভাষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেন। অধ্যক্ষ অভিযোগের পরিপ্রেক্ষিতে ১১ জুলাই কলেজ গভর্নিং বডির এক সভা ডাকেন।

এ ব্যাপারে অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গভর্র্নিং বডির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে কলেজ সংলগ্ন এলাকাবাসীও ওই প্রভাষকের অপসারণের দাবি জানিয়ে অধ্যক্ষের কাছে পৃথক একটি আবেদন করেছে।

এ নিয়ে এলাকায় জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।