টাঙ্গাইলে ট্রেন--ট্রাক সংঘর্ষ, টাঙ্গাইল--ঢাকা মহাসড়কে ৪ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ
টাঙ্গাইল--ঢাকা মহাসড়কের মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিং-এ মঙ্গলবার ভোরে একটি মালবাহী ট্রেনের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এ সড়কে প্রায় চার ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় একজন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে ৪টার দিকে ধেরুয়া রেলক্রসিং এর গেট বন্ধ থাকলেও ভুট্টা বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো--ন--৯২৩৪) যাওয়ার চেষ্টা করে এবং রেললাইনের ওপর উঠলে ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির সাথে ট্রাকের সংঘর্ষ হয় এবং ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। এসময় সড়কের উভয় পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে।
পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে নেয়ার পর সকাল সাড়ে ৮টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আহত ট্রেন চালক ফয়জুর রহমানকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
