২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটালির বিরুদ্ধে বিশ্বকাপ ফুটবলের সেমি’তে খেলতে পারবেন না ফ্রিংস

বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা বিশ্বকাপ ফুটবল আসরের সেমি ফাইনাল ম্যাচ থেকে বহিষ্কার করেছে জার্মান মিডফিল্ডার টোরস্টেন ফ্রিংসকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 11:11 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

ফিফা’র শৃঙ্খলা রক্ষাকারী কমিটি আর্জেন্টিনা ও জার্মানির মধ্যেকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষে সংগঠিত সংঘর্ষের ধারণকৃত চিত্র টেলিভিশনে দেখে জার্মানির মধ্যমাঠের খেলোয়াড় ফ্রিংসকে এই শাস্তি দেয়। ছবিতে দেখা যায় ঝগড়া-বিবাদের সময় ফ্রিংস একজন আর্জেন্টাইন খেলোয়াড়কে আঘাত করছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ফিফা নির্দেশ দিয়েছে, ফ্রিংস বিশ্বকাপ ফুটবলের সেমি ফাইনাল ম্যাচ খেলতে পারবেন না। তবে জার্মানি যদি ইটালিকে পরাজিত করতে পারে তাহলে রোববার ফাইনাল ম্যাচে মাঠে নামতে পারবেন তিনি।

ফিফা’র একজন মুখপাত্র জানান, পরবর্তী ছয় মাসের মধ্যে ফ্রিংস যদি মাঠে একই ধরনের খারাপ আচরণ করেন তাহলে তাকে আরও একটি ম্যাচ থেকে বহিষ্কার করা হবে।

জার্মান কোচ ক্লিন্সম্যান ফ্রিংসের বদলে দলে নিয়েছেন রক্ষণাত্বক মিডফিল্ডার সেবাস্টিয়ান।

জার্মান দলের ম্যানেজার অলিভের বিয়েরহফ ফিফা’র এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি।

তিনি বলেন, “আমরা হতাশ। ফ্রিংসকে নির্দোষ প্রমাণ করতে আমরা যথেষ্ট পরিমাণ ব্যাখ্যা দায়ের করেছি বলে আমরা বিশ্বাস করি।”

তবে আর্জেন্টাইন খেলোয়াড় লিওনারদো কুফ্রে ও ম্যাক্সি রড্রিগুয়েজের বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেবে ফিফা।