সংসদে ‘শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বিল, ২০০৬’ পাশ
শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ, অসমর্থ শ্রমিকদের আর্থিক সাহায্য, অসুস্থ শ্রমিকদের চিকিৎসা সেবা, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য ও শ্রমিকদের মেধাবী সন্তানদের লেখাপড়ার জন্য সাহায্য প্রদানের ব্যবস্থা রেখে সোমবার জাতীয় সংসদে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বিল, ২০০৬’ পাশ হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান বিলটি পাশের জন্য প্রস্তাব করলে কন্ঠ ভোটে তা পাশ হয়।
এ বিল অনুযায়ী, শ্রমিকদের কল্যাণে একটি তহবিল গঠন করা হবে এবং এ তহবিলের পরিচালনা ও প্রশাসনের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নেতৃত্বে ২০ সদস্যের একটি পরিচালনা বোর্ড থাকবে।
তবে বিলটিতে শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে আর্থিক সাহায্যের কথা বলা হলেও কি পরিমাণ সাহায্য দেওয়া হবে সে ব্যাপারে কিছু উল্লেখ নেই।
এদিকে বিলটি পাশের আগে বিরোধী দলের সদস্যদের উত্থাপিত সংশোধনীসমূহ পর্যালোচনা এবং যাচাই ও বাছাই কমিটিতে বিলটি পাঠানোর প্রস্তাব কন্ঠভোটে নাকচ হয়ে যায়।
